মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট গণনার অনুমতি

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট গণনার অনুমতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট গণনার অনুমতি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে ক্যালিফোর্নিয়ায় ২০ হাজারের বেশি মেইল-ইন ব্যালট গণনার অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে এসব ব্যালট আলাদা করে রাখা বা গণনায় বাধা দেওয়ার আর কোনো নির্দেশনা থাকছে না।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যালট এমন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন—এমন অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন।


এ অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সুপ্রিম কোর্টে আবেদন করে। আবেদনে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ২০ হাজারের বেশি মেইল-ইন ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা ছিল, এসব ব্যালট ব্যবহার করে অননুমোদিত ব্যক্তিরা ভোট দিয়ে থাকতে পারেন।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। তাঁর দাবি, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে।


এ ধরনের অভিযোগের জন্য তিনি বিশেষভাবে ডাকযোগে ভোট বা মেইল-ইন ব্যালট ব্যবস্থাকে দায়ী করে আসছেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এ পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।


ক্যালিফোর্নিয়ায় বর্তমানে প্রায় ২ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। এর আগে কয়েকটি নিম্ন আদালত অঙ্গরাজ্যটির নির্বাচন কর্মকর্তাদের পক্ষে রায় দিয়েছিলেন। আদালতগুলোর যুক্তি ছিল, কেন্দ্রীয় সরকার এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অঙ্গরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ এবং নির্বাচনের ফলাফল নিয়ে অযথা সন্দেহ তৈরির চেষ্টা করছে।


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার আসনসংখ্যা ৫২টি, যা দেশটির যেকোনো অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ।


এদিকে বিভিন্ন গবেষণা ও সরকারি নিরীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অযোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা, বিশেষ করে অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।