মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ‘এখন আর শ্রমিক অসন্তোষ নেই, আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

‘এখন আর শ্রমিক অসন্তোষ নেই, আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

favicon
সাইফুল আলম মিরাজ
‘এখন আর শ্রমিক অসন্তোষ নেই, আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চলমান আন্দোলন, নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তাঁর দাবি, এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই।


সোমবার (২ নভেম্বর) গার্মেন্টস খাতের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।


নাজমা আক্তার বলেন, মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে। তবে এসব কর্মকাণ্ড প্রকৃত শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের নাম ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে বলে তিনি মনে করেন।


তিনি আরও বলেন, রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে। একইভাবে গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এসব ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মনে করছেন তিনি।


শিল্পকারখানায় নাশকতা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে নাজমা আক্তার বলেন, শিল্পকারখানা ধ্বংস করে কোনো পক্ষেরই লাভ হবে না।


তিনি উল্লেখ করেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং নতুন মজুরি নির্ধারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় শিল্পকারখানা ভাঙচুর কিংবা অযৌক্তিক আন্দোলনের কোনো প্রয়োজন নেই।


নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।


পাশাপাশি নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমা আক্তার।