কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির
অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত প্রি-চোগাম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনে কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নিচ্ছেন।
সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
এর আগে রোববার (১ নভেম্বর) পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও প্রটোকল সুবিধা নিয়ে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (চোগাম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।
‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এবারের চোগাম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের উচ্চপর্যায়ের পররাষ্ট্রমন্ত্রীদের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।