২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন মন্ত্রিসভার
২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৪ দিন। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সাত দিন মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদের ২৬তম বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির এ খসড়া তালিকা অনুমোদন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এসব ছুটির মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
খসড়া তালিকায় সরকারি কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎসব ও ধর্মীয় পর্বের বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য বৈসাবি বা অনুরূপ প্রধান সামাজিক উৎসব উদ্যাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে।
সব মিলিয়ে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিনসহ মোট ২৯ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা হবে ২২ দিন।