প্রবীণদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পৃথক সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পৃথক ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ফেরদৌস আরা বেগম। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতা চালু ও সম্প্রসারণ, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ভাড়া ছাড় এবং প্রবীণবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানায়।
এ ছাড়া প্রবীণদের জন্য সর্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালুর বিষয়টিও তুলে ধরেন তাঁরা।
প্রতিনিধিদলের উত্থাপিত দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিনসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।