বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › আজ থেকে টানা চার দিন সারাদেশে কম থাকবে গ্যাসের চাপ

আজ থেকে টানা চার দিন সারাদেশে কম থাকবে গ্যাসের চাপ

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ থেকে টানা চার দিন সারাদেশে কম থাকবে গ্যাসের চাপ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার থেকে টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এ সময় কোথাও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।


পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে মোট সরবরাহের মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পরিমাণ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট।


মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং দেশীয় প্রতিষ্ঠান সামিট এলএনজির ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্যে সামিট এলএনজির ভাসমান টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজ শুরু হচ্ছে। গত বছরের ডিসেম্বরে এ কাজ করা হলেও এবার নভেম্বরের শুরুতেই তা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।


রক্ষণাবেক্ষণকাজের জন্য শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও দুই দিন সময় লাগবে। এ কারণে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে।


পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) মো. শোয়েব জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের সময় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।


গত ১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চার দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নাকচ করে দিয়ে সংস্থাটি জানিয়েছে, সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ার কোনো পরিকল্পনা নেই।


পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণকাজ শেষ হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজের অগ্রগতি সম্পর্কে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা কঠিন।


এদিকে, দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।