বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো আজ

সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো আজ

favicon
সাইফুল আলম মিরাজ
সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো আজ

আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। সেই হিসাবে চলতি বছর সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো।


সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের শাসনব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও দায়িত্বের বিভাজন, নাগরিকদের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।


ঐতিহাসিক তথ্য অনুযায়ী, স্বাধীনতার প্রায় ১০ মাস পর ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন সংবিধানের খসড়া বিল আকারে উত্থাপন করেন। এরপর কয়েক দফা আলোচনা ও সংশোধনীর মধ্য দিয়ে খসড়াটি চূড়ান্ত করা হয়।


১৯৭২ সালের ৪ নভেম্বর প্রায় ৭৩ ঘণ্টার আলোচনা ও বিতর্ক শেষে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। পরে একই বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সংবিধান কার্যকর করা হয়।


বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল অন্তর্ভুক্ত ছিল। এতে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়।


স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে সংবিধান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।