উত্তরায় ডিবি সেজে ছিনতাই, ব্যাংক কর্মকর্তার টাকা ও মোটরসাইকেল লুট
রাজধানীর উত্তরায় ডিবি পুলিশের পোশাক পরে এক পূবালী ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল ও নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ মে) রাতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন জানান, নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি প্রথমে তার মোটরসাইকেলের গতি রোধ করে।
এরপর দ্রুত দু’জন ছিনতাইকারী তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। একই সময় তাকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তোলা হয় এবং সেখানে এলোপাতাড়ি মারধর করে তার সঙ্গে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
প্রায় ২০ মিনিট পর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায় ছিনতাইকারীরা।
ঘটনার পর ভুক্তভোগী তুরাগ থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।