বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › মার্কিন ডিএফসির অর্থায়নের যোগ্যতা পেল বাংলাদেশ

মার্কিন ডিএফসির অর্থায়নের যোগ্যতা পেল বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্কিন ডিএফসির অর্থায়নের যোগ্যতা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মার্কিন সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিএফসি। সংস্থাটি জানায়, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প তাদের অর্থায়নের জন্য বিবেচিত হবে। বিশেষ করে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে।


বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাণিজ্যিকভাবে লাভজনক এবং উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়নের মাধ্যমে এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে ডিএফসি। পাশাপাশি অর্থায়নের সীমাবদ্ধতা ও বিনিয়োগসংক্রান্ত ঝুঁকি কমিয়ে নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতেও কাজ করবে সংস্থাটি।


ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এ যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে বিনিয়োগে সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে এসব খাতে আন্তর্জাতিক অর্থায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হলো।