বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বন্দরগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে একই স্থানে প্রায় স্থির রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি অতি প্রবল রূপ নিয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার কারণে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


এদিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।