সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসআরবি-০১-এর একটি দল তাঁকে আটক করে।
গ্রেফতারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।