সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আওয়ামী লীগ সংশ্লিষ্টতায় নজরদারি করছে সরকার: তথ্য উপদেষ্টা
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কি না, তা নজরদারিতে রেখেছে সরকার। এ বিষয়ে সরকারের পর্যবেক্ষণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটি আর চাকরিতে থাকা অবস্থায় দলটির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি এক নয়।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। তবে চাকরিতে থাকা অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে নজরদারি চালানো হচ্ছে।
এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ না করলেও জাহেদ উর রহমান আশ্বস্ত করেন, সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দলটির নামে যেকোনো কর্মসূচি বেআইনি।
সম্প্রতি গোপালগঞ্জে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কথাও জানান তিনি। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। হামলা ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং আইন অনুযায়ী তাদের সেই অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার।