বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › টুঙ্গিপাড়ায় সহিংসতায় জড়িতদের গ্রেফতারের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় সহিংসতায় জড়িতদের গ্রেফতারের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

favicon
সাইফুল আলম মিরাজ
টুঙ্গিপাড়ায় সহিংসতায় জড়িতদের গ্রেফতারের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ধৈর্য ধরছে। তবে আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে পারবে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়িতেও হামলা চালিয়েছে। আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ হোক, কাল হোক—ভিডিও ফুটেজ দেখে যারা থানা জ্বালিয়েছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, পুলিশের গায়ে হাত দিয়েছে এবং গাড়ি পুড়িয়েছে, তাদের সবাইকে আইনের হেফাজতে নেওয়া হবে।’


তিনি আরও বলেন, দেশে তথাকথিত পতিত শক্তি, যারা পালিয়ে গেছে, তাদের রাজনীতি করার সুযোগ নেই।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটির চরিত্রে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের চর্চা নেই। বরং তাদের কর্মকাণ্ডে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ প্রকাশ পায়। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে নিজেদের অগ্রহণযোগ্যতা প্রমাণ করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।