বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ চান রাষ্ট্রদূত

জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ চান রাষ্ট্রদূত

favicon
ভোরের আলো ডেস্ক:
জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ চান রাষ্ট্রদূত

বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং কার্যকর ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।


বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


জার্মান রাষ্ট্রদূত বলেন, নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মতো অংশীদারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী জার্মানি। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি ও সমতার ভিত্তিতে গড়ে তোলা প্রয়োজন।


তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত জার্মানির বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। জার্মানিতে বিক্রি হওয়া বস্ত্রপণ্যের প্রায় ২০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত। তবে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর না করে চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতেও রপ্তানি এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।


রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগকারীরা ভালো সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং কার্যকর ওয়ান স্টপ সার্ভিস প্রত্যাশা করেন। এসব নিশ্চিত করা গেলে বাংলাদেশ ও জার্মানির অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।


জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন তিনি।


এ ছাড়া জার্মানির বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের তরুণ কর্মশক্তিকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন রুডিগার লটজ। তাঁর মতে, দক্ষ শ্রম অভিবাসন, দ্বৈত বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং যোগ্যতার স্বীকৃতির মাধ্যমে উভয় দেশই উপকৃত হতে পারে।