সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াতের
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
সংসদে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
নাজিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, রাহেদুল ইসলাম নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পরও তাঁকে ছাড় দেওয়া হয়নি। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাজিবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি প্রত্যাশা করেছিলেন তিনি। একই সঙ্গে আইনমন্ত্রীর কাছ থেকেও এ বিষয়ে বক্তব্য চান।
তিনি আরও বলেন, সরকার ও বিভিন্ন পক্ষ মবের বিরুদ্ধে কথা বললেও অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কার্যকর ভূমিকা এবং সংসদে আনুষ্ঠানিক বিবৃতি প্রত্যাশা করেন।