বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার, খরচ দুই লাখ টাকার মধ্যে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার, খরচ দুই লাখ টাকার মধ্যে

favicon
ভোরের আলো ডেস্ক:
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার, খরচ দুই লাখ টাকার মধ্যে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে যাতায়াতের সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচেই কর্মীদের পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, মালয়েশিয়াগামী কর্মীদের মোট খরচ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব ঘটনার কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।


অতীতে সিন্ডিকেটের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের বিষয়ে তারেক রহমান বলেন, ১০ হাজার কর্মীর মধ্যে প্রায় এক হাজার জন হবেন বিগত স্বৈরাচারের সময়ে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্য। তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কম খরচে কর্মী পাঠানোর চেষ্টা চলছে। কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশায় কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।