বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

আজ ১৭ নভেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।


১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। জন্মস্থান সিরাজগঞ্জ হলেও জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বর্ষীয়ান রাজনীতিক।


১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সংস্পর্শে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি। ১৯১৭-১৮ সালে রেশমি রুমাল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯১৯ সালে এ আন্দোলনের কারণে তাঁকে কারাবরণ করতে হয়। পরবর্তী সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ আন্দোলন, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন।


১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলার কৃষক-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সংগঠন গড়ে তোলেন তিনি। জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলনেও নেতৃত্ব দেন। ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলন এবং পরের বছর আসামের ভাসানচরে অনুষ্ঠিত কৃষক-প্রজা সম্মেলনে অংশ নেন।


১৯৩৬ সালে কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগ দেন ভাসানী। পরে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৩৭ সালে আসামে কুখ্যাত লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।


১৯৪৭ সালে আসামে আন্দোলনের ডাক দেওয়ার পর তিনি পূর্ব বাংলায় ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে অবস্থান নেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে দলটির সভাপতি হন।


১৯৫৫ সালে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে পল্টন ময়দানে ঐতিহাসিক জনসভা করেন তিনি। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে তাঁর দেওয়া ‘আসসালামু আলাইকুম’ বক্তব্য বিশেষ গুরুত্ব লাভ করে। একই বছরের মার্চে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক মতবিরোধের জেরে আওয়ামী লীগ ছাড়েন তিনি। পরে ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন।


কৃষক-শ্রমিকের অধিকার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন এবং রাজনৈতিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী আজও স্মরণীয় হয়ে আছেন।