বৃষ্টির পানিতে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের
রাজধানীর সচিবালয়ের বিপরীতে প্রিমিয়ার মার্কেটের পেছনে মালিক শাহ মাজারের সামনের রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাটি লক্ষ্মীপুর গ্রামে। তিনি মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। পেশায় দর্জির কাজ করতেন এবং রাজধানীর পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।
তার সহকর্মী বাবুল রেজা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় বৃষ্টির জমে থাকা পানিতে অসাবধানতাবশত পড়ে থাকা ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে পা দেন আল-আমিন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।