নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি, ৩ নম্বর সতর্কতা সমুদ্রবন্দরে
শুক্রবার (৩০ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সে কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝরিয়ে বিলীন হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, যার কারণে সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।