ফরিদপুরে তিন খুন: ১০ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন-এর গদাধরডাঙ্গী গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লা (২৮)কে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়-এ আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করা হয়।
তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আকাশ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় রিকশাচালক কাবুল হোসেন (৪৯) বাড়ি থেকে বের হয়ে রাতে রিয়াজুল মোল্লার সঙ্গে দেখা করেন। পরে তারা খুশির বাজারের দিকে যাওয়ার সময় একটি বাড়ি থেকে চিৎকার শুনে ভেতরে প্রবেশ করেন।
সেখানে গিয়ে তারা দেখতে পান, আকাশ মোল্লা কোদাল দিয়ে তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুপু রাহেলা বেগমের ওপর হামলা করছে। বাধা দিতে গেলে কাবুল হোসেনের ওপরও হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় রিয়াজুল মোল্লা (৩৬) ও আর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত নয়। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, আকাশ মোল্লা কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। এ কারণে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে মোবাইল ট্র্যাকিং ও গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।