সিলেটে বিজিবির ‘ড্রোন ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ ও প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের কার্যক্রম, চোরাচালানবিরোধী অভিযানে চোরাকারবারীদের শনাক্ত ও আটকে ড্রোনের ব্যবহার এবং পুশ-ইন প্রতিরোধে এর কার্যকর প্রয়োগ প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের ব্যবহারিক প্রয়োগও দেখানো হয়।
মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে একটি ড্রোন ফ্লাই-পাস্ট প্রদর্শন করা হয়।