খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনার জেলখানা ঘাটে ফেরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে ট্রলারের ৩৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রূপসার পাড় থেকে জেলখানা ঘাটের দিকে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ফেরি আসছিল। নদীর মাঝামাঝি এলাকায় দুটি নৌযানের মধ্যে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে ট্রলারে থাকা ৩৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় জড়িত ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।