১৫ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার
চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে দেওয়া কর্মবিরতি প্রায় ১৫ ঘণ্টা পর প্রত্যাহার করেছে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি। প্রশাসনের আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ বলেন, প্রশাসনের আশ্বাসে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করবে। তাদের উত্থাপিত দাবিগুলো প্রশাসন মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনও কাজ করছে।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।
ঘটনার পর চালক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।