বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশমেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

favicon
ভোরের আলো ডেস্ক:
মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

প্রবল ইচ্ছাশক্তি ও সন্তানের ভবিষ্যতের প্রতি অদম্য ভালোবাসার কাছে হার মেনেছে দারিদ্র্য ও প্রতিকূলতা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে অংশ নিয়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ভারতের ৪৭ বছর বয়সী এক মা।


অদম্য এই লড়াইয়ের গল্পের নায়িকা মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।


আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় প্রতিযোগিতাটি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।


অন্যদের মতো রমাবাইও সাধারণ শাড়ি ও চপ্পল পরে দৌড়ে অংশ নেন। তবে দৌড় শুরুর কিছুক্ষণের মধ্যেই বিপত্তি দেখা দেয়। অসমান রাস্তায় বারবার পা থেকে চপ্পল খুলে যাওয়ায় তার গতি কমে যাচ্ছিল।


সময় নষ্ট না করে চপ্পল জোড়া হাতে তুলে নেন রমাবাই। এরপর পাথুরে ও রুক্ষ পথ পাড়ি দিতে খালি পায়েই দৌড় শুরু করেন তিনি।


পথের কষ্ট উপেক্ষা করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছান রমাবাই। তার এই অদম্য দৌড় ও জয় উপস্থিত দর্শক ও আয়োজকদের আবেগাপ্লুত করে।


প্রতিযোগিতায় প্রথম হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি নিজের জন্য না রেখে পুরো অর্থই মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করার ঘোষণা দিয়েছেন রমাবাই।