নান্দাইলে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলা-এ বিদ্যুৎ সংকট মোকাবেলায় অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে সরকার। এতে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আতিকুজ্জামান চৌধুরী।
তিনি জানান, এর আগে নান্দাইলে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ছিল। এতে নিয়মিত লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন। তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়।
এর ফলে নান্দাইলের মোট বিদ্যুৎ বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৫০ মেগাওয়াটে। ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা, এবং লোডশেডিং অনেকাংশে কমে এসেছে বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নান্দাইলবাসীর বিদ্যুতের কষ্ট লাঘবে তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং সরকারের আন্তরিকতায় দ্রুত এই বরাদ্দ নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে এবং এই উদ্যোগ নান্দাইলবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদী।
এদিকে, বিদ্যুৎ সংকট নিরসনে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসীর অনেকেই।