মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত বেশ কয়েকজন
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ এবং আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও তাঁর প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে সাম্প্রতিক সময়ে তাঁদের বিরোধ আরও বেড়েছে।
বৃহস্পতিবার ভোরে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল।