বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › পুলিশকে ফোন করে আত্মসমর্পণের ইঙ্গিত দিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান

পুলিশকে ফোন করে আত্মসমর্পণের ইঙ্গিত দিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান

favicon
ভোরের আলো ডেস্ক:
পুলিশকে ফোন করে আত্মসমর্পণের ইঙ্গিত দিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এর মধ্যেই পুলিশকে ফোন করে আত্মসমর্পণ ও ভালো হয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছে সে।


বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে কথোপকথনের একটি অডিও প্রকাশ করে আত্মসমর্পণের ইঙ্গিত দেয় রায়হান। সেখানে পুলিশ কর্মকর্তার প্রশংসা করে সে লেখে, ‘স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সঙ্গে কথা বলে একটু ভালো লাগছে। দেখা যাক উনার হাত ধরে ভেতরে গিয়ে ভালো হয়ে যাব।’


জানা গেছে, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজকে ফোন করে প্রায় ১০ মিনিট কথা বলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান। ফোনালাপে তাকে আত্মসমর্পণে আগ্রহ, নিরাপত্তা, ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা এবং মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায়।


এর আগেও রায়হান আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিল বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাও হয়েছিল। তবে মাঝখানে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেনি সে।


ফোনালাপে পুলিশ কর্মকর্তা তাকে আশ্বস্ত করে বলেন, আগে থেকে থাকা মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলায় জড়ানো হবে না। নিরাপদে আত্মসমর্পণের ব্যবস্থাও করা হবে। একই সঙ্গে ওই দিনই পুলিশের কাছে আসার জন্য তাকে কয়েকবার অনুরোধ জানান তিনি।


প্রকাশিত অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে রায়হানকে হাসি-ঠাট্টা করে কথা বলতে শোনা যায়। পাশাপাশি আত্মসমর্পণের জন্য নিজেকে প্রস্তুত করার কথাও বলে সে। পুলিশ কর্মকর্তা ফোনালাপে তাকে আত্মসমর্পণের আহ্বান জানান।