বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

টিকটকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের প্রলোভনে মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগে চেন ইয়ং (৪১) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (২৫ নভেম্বর) এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত চীনা নাগরিককে আটক করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন ১৮ নভেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


পরবর্তীতে পরিবার জানতে পারে, টিকটক আইডির মাধ্যমে চেন ইয়ং নামে এক চীনা নাগরিকের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়েছিল। পরিচয়ের সূত্র ধরে তাকে প্রেমের প্রলোভন ও নানা প্রলোভন দেখানো হয়। অভিযোগ অনুযায়ী, গত ১৭ নভেম্বর দুই সহযোগীকে সঙ্গে নিয়ে চেন ইয়ং কিশোরীকে ফুসলিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।


মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশের সহযোগিতা নেন। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়।


পুলিশি জিজ্ঞাসাবাদে চেন ইয়ং ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট উদ্ধার করা হয়।


মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে অভিযুক্ত চীনা নাগরিকের বিরুদ্ধে এর আগেও একাধিক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।