বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › রংপুরে একই পরিবারের চার খুন: মাদক নয়, হত্যার মূল উদ্দেশ্য ছিল টাকা চুরি

রংপুরে একই পরিবারের চার খুন: মাদক নয়, হত্যার মূল উদ্দেশ্য ছিল টাকা চুরি

favicon
ভোরের আলো ডেস্ক:
রংপুরে একই পরিবারের চার খুন: মাদক নয়, হত্যার মূল উদ্দেশ্য ছিল টাকা চুরি

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে। মাদক সেবন করতে দেখে ফেলায় নয়, বরং টাকা ও স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যে গিয়ে বাধার মুখে পড়ায় পুরো পরিবারকে হত্যা করা হয় বলে দাবি করেছে পুলিশ।


নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী। এ ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ।


পুলিশ কমিশনার জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর বাসায় অনেক টাকা-পয়সা রয়েছে—এমন ধারণা থেকে চুরির পরিকল্পনা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। পরিকল্পনা অনুযায়ী, তাঁরা বাসার ছাদে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তাঁদের দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে ঘটনার ধারাবাহিকতায় পরিবারের অন্য সদস্যদেরও বিভিন্ন পরিস্থিতিতে হত্যা করা হয়।


তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ নিরবচ্ছিন্নভাবে তদন্ত চালিয়েছে। তদন্তে সিদ্ধার্থ ও মুগ্ধের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেখানো মতে, ওই বাসা থেকে চুরি হওয়া মালামাল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।


পুলিশ কমিশনার আরও জানান, মামলার তদন্তে ঘটনাস্থল থেকে ৬৬টি আলামত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৫টি আলামতের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। এ ছাড়া ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং বিভিন্ন ডিজিটাল নথি অভিযোগপত্রে যুক্ত করা হয়েছে।


তিনি বলেন, গত ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার পক্ষে প্রয়োজনীয় আলামত ও মালামালও অভিযোগপত্রের সঙ্গে জমা দেওয়া হয়েছে।


### **মাদক সেবন ছিল ঘটনার প্রেক্ষাপট**


এর আগে পুলিশের বিভিন্ন ব্রিফিংয়ে মাদক সেবন দেখে ফেলায় হত্যাকাণ্ডের কথা বলা হয়েছিল। অভিযোগপত্রে চুরিকে হত্যার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করার বিষয়ে পুলিশ কমিশনার বলেন, চুরি করতে গিয়েই আসামিরা বাধার মুখে পড়েন। বাধা অতিক্রম করতে গিয়ে তাঁরা হত্যাকাণ্ড ঘটান।


তিনি বলেন, আসামিদের উদ্দেশ্য ছিল চুরি করা। তবে চুরির কাজে বাধা পেলে হত্যাকাণ্ড ঘটানোর মতো মানসিকতা ও প্রস্তুতিও তাঁদের ছিল। ঘটনার ধারাবাহিকতায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব বিষয় আদালতে সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরা হবে।


মাদক সেবনের প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, অভিযোগপত্রে মাদক সেবনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য নয়; বরং ঘটনার পরিবেশ ও পরিস্থিতির একটি অংশ। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আলামত, গামছা, নাইলনের রশি এবং আসামিদের শারীরিক সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে।


### **মামলার গতিপথ ঘোরানোর চেষ্টার অভিযোগ**


এই মামলাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা ধরনের বক্তব্য ও পরামর্শ এসেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, বেশির ভাগ পরামর্শই ছিল ইতিবাচক। তবে কিছু ব্যক্তি মামলার তদন্তের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছেন বলেও তিনি দাবি করেন।


পুলিশের দাবি, তদন্তে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক প্রতিবেদন, ডিজিটাল নথি এবং আসামিদের জবানবন্দির ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হবে।