উপকূলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৪-৮ ফুট উচ্চতার জোয়ারের সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
একইসঙ্গে উপকূলীয় অঞ্চলে ৪ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি এক ফেসবুক পোস্টে জানান, শুক্রবার (৩০ মে) দিনভর দুইবার উচ্চ জোয়ার দেখা দিতে পারে এবং এতে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে টাঙ্গাইল ও আশেপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং সেখানে ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।