দলীয় নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল মামলার রায় ১ জুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল, রোববার (১ জুন) ঘোষণা করা হবে। এ মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে রয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রোববার সকালে এ রায় ঘোষণা করবেন।
শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, “ইনশাল্লাহ আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।”
এর আগে, গত ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে ১ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত। উল্লেখ্য, ১২ মার্চ থেকে আপিল শুনানি শুরু হয়েছিল।
২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার আবেদন পুনরুজ্জীবিত করেন। এর ফলে দলটির নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার আইনি পথ উন্মুক্ত হয়।
এর আগে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট আবেদনের নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে দেয়।