চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল প্রকল্প, চসিকের সঙ্গে সমঝোতা চুক্তি সই
দেশের প্রথম মনোরেল নির্মাণ হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে এই আধুনিক পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রোববার (১ জুন) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চসিক ও আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি প্রাথমিকভাবে চট্টগ্রামে মনোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করবে।
চসিক কর্মকর্তারা জানান, উভয় প্রতিষ্ঠানই প্রকল্পে বিনিয়োগ ও বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে। সেই ভিত্তিতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
প্রকল্পের প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে, মনোরেলটির দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার, যেখানে ৩২ থেকে ৩৩টি স্টেশন স্থাপন করা হবে। পুরো শহর ঘুরে মনোরেলে সময় লাগবে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, মনোরেল হচ্ছে একটি উচ্চ প্রযুক্তিনির্ভর রেল ব্যবস্থা, যা তুলনামূলকভাবে কম খরচে নির্মাণযোগ্য এবং স্থান সাশ্রয়ী। মেট্রোরেলের চেয়ে এটি অনেক কম জায়গা দখল করে এবং প্রায় অর্ধেক খরচে নির্মাণ সম্ভব।
সিটি করপোরেশন আশাবাদী, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে।