শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশজামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, ৭.২ মিলিয়ন চাপে গ্যাস উত্তোলন

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, ৭.২ মিলিয়ন চাপে গ্যাস উত্তোলন

favicon
ভোরের আলো ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, ৭.২ মিলিয়ন চাপে গ্যাস উত্তোলন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বড়সড় সাফল্য পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জামালপুর-১ অনুসন্ধান কূপে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে, যা ৭.২ মিলিয়ন পিএসআই চাপে নির্গত হচ্ছে।

রোববার (১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে।

পরবর্তী ১৫ দিন ধরে কূপটিতে পর্যবেক্ষণ ও বিভিন্ন পরীক্ষা চালানো হবে, এরপর চূড়ান্তভাবে গ্যাসের মজুত ও উত্তোলন সম্ভাব্যতা নির্ধারণ করা হবে বলে জানায় বাপেক্স।
দীর্ঘ প্রস্তুতির ফসল

প্রকল্প পরিচালক জানান, ২,৬০০ মিটার গভীর পর্যন্ত খননের পর এই গ্যাস আবিষ্কৃত হয়। বর্তমানে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) প্রক্রিয়া চলছে।

গ্যাস অনুসন্ধান নিয়ে দীর্ঘদিন ধরেই কার্যক্রম চালিয়ে আসছিল বাপেক্স। ১৯৮০ সালে তারতাপাড়ায় প্রাথমিক সাইসমিক জরিপে গ্যাসের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪-১৫ অর্থবছরে সাইসমিক উপাত্ত সংগ্রহ এবং ২০১৫-১৬ সালে ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে সম্পন্ন করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে চলতি বছরের ২৪ জানুয়ারি শুরু হয় জামালপুর-১ কূপ খনন কার্যক্রম।

প্রকল্পের জন্য বরাদ্দকৃত বাজেট ছিল ১৬৮ কোটি টাকা, যা তিন মাস মেয়াদি এই অনুসন্ধান কার্যক্রমে ব্যয় হবে।

নতুন এই গ্যাসক্ষেত্র আবিষ্কার দেশের জ্বালানি খাতে একটি সম্ভাবনাময় সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যবেক্ষণ শেষে বাণিজ্যিক উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাপেক্স।