ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেকেরহাটগামী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহেন্দ্রে থাকা চারজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।"