রংপুরে একই পরিবারের চারজনের শেষকৃত্য সম্পন্ন
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
স্বজনরা জানান, রোববার (২৩ আগস্ট) রাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারটি মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহগুলো নগরীর দখীগঞ্জ মহাশ্মশানে নেওয়া হয়।
সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী চারজনের মরদেহ গোসল করিয়ে নতুন পোশাক পরানো হয়। এরপর পরপর চারটি চিতায় মরদেহ তোলা হয়। স্বজনরাই তাদের মুখাগ্নি করেন। দাহকাজ শেষে স্বজনরা চিতায় জল দিয়ে চারজনের অস্থি সংগ্রহ করে নিয়ে যান।
এর আগে, শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুশ চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।