বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশমেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করার অভিযোগ, বাবা-মাও আহত

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করার অভিযোগ, বাবা-মাও আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করার অভিযোগ, বাবা-মাও আহত

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাতের কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে ওই তরুণীর বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।


আহতরা হলেন সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। হামলায় স্মৃতি আক্তারের ডান হাতের কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার ডান হাতের কবজির ওপর আঘাত করলে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।


স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।


পরে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়।


খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।


মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও পূর্ববিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।