বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশযমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় আদায় প্রায় ৩ কোটি টাকা টোল

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় আদায় প্রায় ৩ কোটি টাকা টোল

favicon
ভোরের আলো ডেস্ক:
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় আদায় প্রায় ৩ কোটি টাকা টোল

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল বাড়তে শুরু করেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর প্রভাব পড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণেও।

গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে মোট ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, উক্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৭ হাজার ৬৫৭টি, যেগুলো থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। একই সময়ে ঢাকামুখী যানবাহন ছিল ১৫ হাজার ৯০৭টি, যেগুলো থেকে আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর নেই। নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর জানান, “যান চলাচল স্বাভাবিক রাখতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা লেন রাখা হয়েছে। সেতুর ওপর যেকোনো দুর্ঘটনা দ্রুত সরাতে দুটি রেকারের ব্যবস্থাও রাখা হয়েছে।”

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি যমুনা সেতু কর্তৃপক্ষও সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।