ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জুন) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাকটিতে দুই শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল। উল্টে যাওয়ার পর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং ভয়াবহ শব্দে একাধিক সিলিন্ডার ছিটকে পড়ে আশপাশে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, “সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে উপরের দিকে ছিটকে যাচ্ছিল। মহাসড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।”
তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ওসি মোজাফফর।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন।
পরে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।