শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশি অভিযানে স্বামী পলাতক

ঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশি অভিযানে স্বামী পলাতক

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশি অভিযানে স্বামী পলাতক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নে উম্মে আয়মান ওরফে এমি (২০) নামের এক কন্যা সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৩)-এর বিরুদ্ধে।


শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছেন।


নিহত উম্মে আয়মান ওই গ্রামের একরামুল হকের মেয়ে এবং ঘাতক হাসিবুল একই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। তারা তিন বছর আগে বিয়ে করেছিলেন। তাদের সংসারে এক বছরের কন্যা সন্তান রয়েছে।


স্থানীয়রা ও পুলিশ জানায়, বিয়ের পর থেকেই উম্মে আয়মান ও হাসিবুলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঈদুল আযহার দিন সকালে, নামাজের আগে উম্মে আয়মান বাবার বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে স্বামী হাসিবুল সেখানে গিয়ে একটি ঘরে তার সঙ্গে কথা বলার ছলে, পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন এবং পালিয়ে যান। ঘটনাস্থলেই উম্মে আয়মানের মৃত্যু হয়।


খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।


পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসী ঘাতকের বাবা ও ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মূল অভিযুক্ত হাসিবুল ইসলামকে ধরতে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।