শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যকরোনার নতুন ঢেউ: ভারতে সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

করোনার নতুন ঢেউ: ভারতে সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

favicon
ভোরের আলো ডেস্ক:
করোনার নতুন ঢেউ: ভারতে সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী কেরালায়, এরপর গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে। একদিনে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে।

ভারত সরকার ইতোমধ্যে জরুরি প্রস্তুতির নির্দেশ দিয়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর ও ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. সুনীতা শর্মার নেতৃত্বে আইসিএমআর, এনসিডিসি ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আইসিএমআরের প্রধান ড. রাজীব বেহেল জানান, বর্তমানে ভারতে করোনার ওমিক্রনের সাবভেরিয়েন্টগুলোই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ। পশ্চিম ও দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় জিনোম সিকোয়েন্সিংয়ে এই রূপগুলোর উপস্থিতি ধরা পড়েছে।

ভারতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ২০২০ সাল থেকে শুরু হওয়া মহামারিতে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ। ভারতের ৭২ কোটির বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশেও করোনার সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য রক্ষায় মাস্ক ব্যবহার ও ভিড় এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্তমানে এনবি.১.৮.১ নামে একটি নতুন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে, যা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড ও হংকংয়ে শনাক্ত হয়েছে। ভারতে কিছু ক্ষেত্রে এলএফ.৭ নামের আরেকটি ভ্যারিয়েন্টও চিহ্নিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এপ্রিলের শেষ দিকে বিশ্বজুড়ে জমা দেওয়া নমুনার প্রায় ১০.৭ শতাংশই ছিল এনবি.১.৮.১।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ভ্যারিয়েন্ট আগের তুলনায় বেশি প্রাণঘাতী নয়, তবে এটি দ্রুত ছড়ায় এবং সংক্রমণের হার বাড়াতে পারে।