করোনা-ডেঙ্গুতে দ্বিমুখী চাপে জনস্বাস্থ্য, বাড়ছে হাসপাতাল ভর্তি রোগী
করোনার নতুন ধরনে দেশের ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও পূর্ব থেকেই জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হলেও সতর্কতা জরুরি, বিশেষ করে যাদের ডায়াবেটিস, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি জটিলতা রয়েছে তাদের জন্য।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। তবে আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৪ জন রোগী। তাদের প্রায় সবাই আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যারা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত, তাদের করোনা পরীক্ষায় অগ্রাধিকার এবং বুস্টার টিকা নেওয়া উচিত। পাশাপাশি মাস্ক ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়েছে।
এই পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন। করোনার পাশাপাশি ডেঙ্গুর এই হুমকিও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।