নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৪৮০ পিস ইয়াবাসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহিরাগত দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠি বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফের নেতৃত্বে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে লিমন হাওলাদার জিহাদ সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে।
নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে তাদের আটক করেন। পরে এসআই সরোয়ার ও এসআই রহমতের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।