সিলেটে ব্রয়লার মুরগির দাম কমলেও সবজিতে চড়া বাজার
সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে সবজির বাজারে এখনো তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না—দাম রয়েছে চড়াই।
বুধবার (২৫ জুন) সিলেটের বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত সপ্তাহে এই দাম ছিল ১৫০ টাকা। লেয়ার মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে—যা আগের তুলনায় ৪০ টাকা কম। তবে সোনালি মোরগের দাম কিছুটা বেড়ে কেজিপ্রতি ৩০০ টাকা হয়েছে, যেখানে এক সপ্তাহ আগে এটি বিক্রি হতো ২৬০ টাকায়।
মদিনা মার্কেট এলাকার মুরগি বিক্রেতা সজিবুল হোসেন জানান, ঈদের পর মুরগির চাহিদা কমে গেছে। সেই কারণে দামেও প্রভাব পড়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১০-১৫ টাকা পর্যন্ত দাম কমেছে।
অন্যদিকে সবজির বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর নেই। এখনও অনেক সবজির দাম আগের মতোই চড়া রয়েছে।
প্রতিকেজি পটল ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, করোলা ৬০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, কচুমুখী ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা এবং প্রতিপিস কুমড়া ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আম্বরখানা এলাকার এক সবজি বিক্রেতা আবদুল্লাহ বলেন, “এই সময় সবজির দাম সাধারণত বেশি থাকে। ঈদের পর চাহিদা বেশি থাকায় কিছু সবজির দাম আরও বেড়েছে। তবে কয়েক সপ্তাহ পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।”
ফলে সিলেটের বাজারে মুরগির দামে সামান্য স্বস্তি এলেও সবজি বাজারে এখনো চড়াভাব বজায় রয়েছে।