একই পরিবারের তিনজনকে হত্যা, পুলিশি অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার একদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও কোনো সন্দেহভাজনকেও আটক করা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী এলাকায় একদল লোক বাড়ি ঘেরাও করে রুবি আক্তার, তার দুই মেয়ে ও এক ছেলেকে নির্মমভাবে পেটায় এবং কুপিয়ে আহত করে। পরে রুবি আক্তার, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়া মারা যান।
ঘটনার সময় রুবির আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হন, বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবি ও তার পরিবার এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এ নিয়ে কথা বলতে গেলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারকেও লাঞ্ছিত করেন। তার পরদিনই এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
তবে নিহতদের স্বজনরা ভিন্ন দাবি করছেন। তাদের মতে, এক স্থানীয় স্কুল শিক্ষকের মোবাইল চুরির ঘটনায় চলমান বিরোধের জেরেই এ হামলা চালানো হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার পেছনে আসল কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।