সাতক্ষীরায় পিকআপচাপায় ভ্যানচালকের মৃত্যু, চালক পলাতক
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সুলতান আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ফজর আলীর ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন উদয় ঢালী নামের এক ব্যবসায়ী।
আহত উদয় ঢালী জানান, সকালে তিনি একটি ভ্যানে করে ধূলিহর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান উল্টে গিয়ে দুইজন রাস্তায় ছিটকে পড়েন। তখন পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুলতান আলীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান,
“ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।