মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যশোরে যুবক খুন

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যশোরে যুবক খুন

favicon
অনলাইন সংস্করণ
বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যশোরে যুবক খুন

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।


শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন।


নিহতের বাবা আখতার হোসেন জানান, হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ষষ্ঠীতলা এলাকার বাপ্পী। বাপ্পী ও বিপুল একসময় বন্ধু ছিলেন। মাদকসেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় বাপ্পীর স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়ার সঙ্গে বিপুলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পী তাদের হত্যার হুমকি দিয়ে আসছিল।


বাপ্পী এর আগেও বাড়ির সামনে বোমা মেরেছে বলে অভিযোগ করেন আখতার হোসেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


শনিবার রাতে কৌশলে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পী ও তার সহযোগীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত বিপুলের স্ত্রী সুমাইয়া বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "বাপ্পী খুব খারাপ ছেলে। ওর সঙ্গে বনিবনা না হওয়ায় ডিভোর্স দিই। তারপর বিপুলকে বিয়ে করি। এরপর থেকেই আমাকে এবং আমার স্বামীকে নানা ভাবে হয়রানি করত। কয়েকবার থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। যদি পুলিশ ব্যবস্থা নিত, তাহলে আমার স্বামীকে এভাবে মরতে হতো না।"


যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আসামিদের ধরতে অভিযান চলছে। মামলার প্রক্রিয়া চলছে।