গোপালগঞ্জে সংঘর্ষের পর ২২ ঘণ্টার কারফিউ, সেনা মোতায়েন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চলছে প্রশাসনের ঘোষণা দেওয়া ২২ ঘণ্টার কারফিউ।
বুধবার রাতভর উত্তেজনার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে দেখা যায়, পুরো জেলায় থমথমে পরিবেশ। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শুধু দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা পথে নামতে বাধ্য হয়েছেন।
জেলা প্রশাসন মাইকিং করে জনসাধারণকে বাইরে না আসার আহ্বান জানাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডও মাঠে রয়েছে।
এখনো পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো মামলা বা গ্রেফতারের বিষয়ে পুলিশ কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।