সালাহউদ্দিন আহমদকে নিয়ে বক্তব্যে চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বিক্ষোভ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরও বিক্ষোভের মুখে পড়ে।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। বিএনপির বিক্ষোভ চলাকালেই আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এনসিপির গাড়িবহর কক্সবাজার জেলা অতিক্রম করে।
এর আগে, কক্সবাজার জেলা শহরে আয়োজিত এক জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন,
"আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজি করছেন।"
এ বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। এ কারণে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা।