নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬, আহত ১ আশঙ্কাজনক
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ছয়জনের। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।