ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এ সময় নতুন করে ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মারা যাওয়া চারজনের মধ্যে একজন ৩ বছর বয়সী ছেলে শিশু, একজন ৯ বছর বয়সী কন্যাশিশু, একজন ৫২ বছর বয়সী পুরুষ এবং একজন ৪০ বছর বয়সী নারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যান নিম্নরূপ:
ঢাকা মহানগরী: ৯০ জন
বরিশাল (সিটি বাদে): ৮৯ জন
ঢাকা বিভাগ (ঢাকা মহানগর বাদে): ৫৯ জন
চট্টগ্রাম বিভাগ: ৩৮ জন
রাজশাহী বিভাগ: ৩০ জন
ময়মনসিংহ বিভাগ: ৯ জন
রংপুর বিভাগ: ৪ জন
চলতি বছরে এখন পর্যন্ত ১৮ হাজার ৩৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ৩২ জন নারী।